চট্টগ্রামে আ. লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে লোহাগাড়া সদরে সংঘটিত এ সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেটও ছুড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক নুরুল আবছার এবং লোহাগাড়া উপজেলার উপ দপ্তর সম্পাদক মামুনুর রশিদের পক্ষের অনুসারীরা পৃথকভাবে প্রতিবাদ মিছিল করতে উপজেলা সড়রে পৃথকভাবে জড়ো হন।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষ এড়াতে মিছিল করতে বাধা দেয়ায় পুলিশের ওপর দু’পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে এবং হামলা চালায়।
পুলিশ তাদের হটিয়ে দেয়ার এবং ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
ওসি শাজাহান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসময় বিক্ষুব্ধদের হামলায় লোহাগাড় থানার পাঁচ পুলিশ সদস্য আহত হন বলে জানান তিনি।
তারা হলেন- এসআই মোস্তফা, এএসআই মশিউর, নায়েক কাদের, কনস্টেবল সরওয়ার ও তরিকুল। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, পুলিশের ছোড়া রাবার বুলেটে আওয়ামী লীগনেতা মামুনুর রশিদসহ পাঁচজনের মতো আহত হয়েছেন।
এঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান ওসি।
গত ৯ জুলাই লোহাগাড়া উপজেলা বাস স্টেশনে জায়গা দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১১ জন গুলিবিদ্ধ হয়েছিল।
সেই ঘটনায় করা মামলা প্রত্যাহার করা না করা নিয়ে মঙ্গলবার দু’পক্ষের সমর্থকরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করছিল বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
