২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুনে আলী মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদকে কারাফটকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে হাই কোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জেলা কারাগারে তদন্ত কমিটি প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির প্রধান মো. শাহজাহান আলী মোল্লা জানান, সাত খুনের ঘটনায় এটি একটি জটিল মামলা। একেকজনকে জিজ্ঞাসাবাদকালে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে তদন্ত শেষ করতে আরো বেশ সময় প্রয়োজন।

“তবে আমরা এই ঘটনার তদন্তে অনেক এগিয়েছি। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে,” বলেন তিনি।

আলী মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি বলেন, আলী মোহাম্মদ এই ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনায় তার কী সম্পৃক্ততা ছিল সে সর্ম্পকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই ঘটনায় র‌্যাবের আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

গত ১৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আউলিয়া বাজার থেকে গোয়েন্দা পুলিশ(ডিবি) আলী মোহাম্মদকে গ্রেপ্তার করে। আলী মোহাম্মদ নূর হোসেনের অবৈধ অর্থের ক্যাশিয়ার ছিলেন। এছাড়া নূর হোসেনের মাদক, পরিবহন চাঁদাবাজি, ফুটপাতের চাঁদাবাজি, খুন অপহরণসহ বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।

সাত খুনের ঘটনায় র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর উচ্চ আদালতের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি বেশ কয়েকটি ধাপে নিহতদের আত্মীয়-স্বজন, স্থানীয় জনগণ, সুশীল সমাজ, আইনজীবী, নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জেলায় কর্মরত বেশ কয়েকটি থানার ওসি, র‌্যাব সদস্যসহ এ পর্যন্ত প্রায় কয়েকশ জনের শুনানি গ্রহণ করেছে।

ইতিমধ্যে তদন্ত কমিটি উচ্চ আদালতে তাদের তদন্তের ২টি অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে।