২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালা বাতিল চায় বিএনপিপন্থী সাংবাদিকরা

মন্ত্রিসভায় অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি সমর্থক সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 05:07 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

নীতিমালা বাস্তবায়ন হলে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না দাবি করে আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদেরও আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওই বিক্ষোভ সমাবেশের পর সম্প্রচার নীতিমালার একটি কপিতে আগুন দেয়া হয়। এটি বাতিলের দাবিতে মাসব্যাপী কর্মসূচি পালনেরও ঘোষণা এসেছে ওই সমাবেশ থেকে।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, “এ নীতিমালা সাংবাদিক সমাজ মেনে নেবে না। সরকারবিরোধী বক্তব্য রোধ করতেই এ নীতিমালা করা হয়েছে।”

সম্প্রচার নীতিমালাকে গণমাধ্যমবিরোধী আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই উপদেষ্টা বলেন, “সম্প্রচার নীতিমালা অনুমোদন করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গণমাধ্যমের শত্রুতে পরিণত হয়েছেন।

“তথ্যমন্ত্রীকে জাতীয় প্রেসক্লাবে দেখতে চাই না। এই নীতিমালা বন্ধ করা না হলে, তার সঙ্গে কোনো দেখা- সাক্ষাতও নয়।”

বেসরকারি টেলিভিশন মালিক ও কলা-কুশলীদের এ নীতিমালার বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

নীতিমালার সমালোচনার করে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “একদলীয় সরকার কায়েম করতেই এই নীতিমালা করা হয়েছে।”

অবিলম্বে নীতিমালা বাতিলের দাবি জানিয়ে বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন বলেন, “সরকার যেখানে নিজেরাই অবৈধ, তাদের আবার নীতিমালা। ধিক জানাই তাদের এই নীতিমালাকে।”

বিএফইউজের একাংশের মহাসচিব এম এ আজিজ বলেন, “এই নীতিমালা হলে  আমরা স্বাধীনতাকামী মানুষ সংবাদপত্রের স্বাধীনতাসহ সব অধিকার হারাবো।”

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আব্দুল হাই শিকদারের মতে, বর্তমান সরকার আমলে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের কোনোটিই নেই।

“এই সরকারের শাসনামলে ২৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ঐতিহ্যগতভাবে সংবাদপত্রের বিরোধী আওয়ামী লীগ। গণমাধ্যমের প্রতি তাদের এলার্জি থাকবেই।”

আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদের আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মনে রাখবেন, নগরে আগুন লাগলে মসজিদ, মন্দির দুইই পোড়ে। সুতরাং আন্দোলনে আসুন।”

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আন্দোলনে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঘরে বসে বসে বিবৃতি দেয়ার ব্যবস্থা বন্ধ করুন। রাজপথে নেমে আসুন।”

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, সরকার বেসরকারি সব টেলিভিশনকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বানাতে চায় বলে এই নীতিমালা করেছে। 

সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় অথবা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়, এমন বিষয় প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে টেলিভিশন ও রেডিওর জন্য সম্প্রচার নীতিমালা সোমবার মন্ত্রিসভা অনুমোদন দেয়া হয়।

গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এই নীতিমালা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।