‘স্বপ্ন দেখে’ কব্জি কর্তন
স্বপ্নে পাওয়া মোহর ধরে রাখতে না পেরে ঝালকাঠী শহরের এক যুবক নিজের হাতের কব্জি কেটে ফেলেছেন বলে জানান স্বজনরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কৃষ্ণকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ফোরকান হাওলাদারকে (৩৫) বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। কৃষ্ণকাঠী এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে ফোরকান একজন রিকশা চালক।
ফোরকানের বড় ভাই কালাম হাওলাদার (৫০) সাংবাদিকদের জানান, সোমবার রাতে ফোরকান স্বপ্নে দেখেন, স্বপ্নে এক দেবী তাকে সোনার অনেকগুলো মোহর উপহার দিচ্ছেন, কিন্তু তিনি তা হাতে ধরে রাখতে পারছেন না। কিছুক্ষণ পর স্বপ্ন ভেঙে যায়।
সকালে তিনি পরিবারের সদস্যদের কথাটি জানান।
কালাম হাওলাদার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কুঠার দিয়ে কুপিয়ে নিজের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেন ফোরকান।
স্বজনরা তাকে প্রথমে ঝালকাঠী সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশালে পাঠাতে বলেন।
ঝালকাঠী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ঈমাম হোসেন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কব্জি বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাই আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়।
