ট্রেন আসার কথা বলেছিলেন চালককে
ঝিনাইদহে দুর্ঘটনায় পড়া বরযাত্রীর বাসটি রেললাইনে ওঠার আগে চালকের সহকারী ও বরের কাকাত ভাই ট্রেন আসার কথা বলেছিলেন বলে দাবি করেছেন।
সোমবার শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে বাস চালকের সহকারী রাজুর (২৫) বাড়ি যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বিমল সাহা।
রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেল ক্রসিংয়ের গেইট খোলা ছিল। কাছাকাছি এলে ট্রেনের আলো দেখে তিনি চালককে ট্রেন আসছে বলে সতর্ক করেন। এরপর বাস থেকে ঝাঁপ দেন।
ব্যথা পেলেও অক্ষত আছেন বলে জানান তিনি।
বরের কাকার ছেলে স্বজল বিশ্বাসও চালককে সতর্ক করেছেলেন বলে দাবি করছেন।
সজল জানান, রেল ক্রসিংয়ের কাছাকাছি এলে আলো দেখে তিনি ট্রেন আসছে বলে চিৎকার দেন। বাসের চালক তার কথা না শুনে বাস রেল লাইনের উপর তুলে দেয়। বিকট শব্দ হয়।
“ড্রাইভার বাসের জানালা দিযে লাফ দেয়। এক সময় সে ছিটকে পড়ে আহত হন,” বলেন সজল।
গত শুক্রবার ভোরে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস বারোবাজার রেলক্রসিং পার হওয়ার সময় লাইনে উঠে পড়ে বরযাত্রীবাহী বাসটি।
ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। ওই অবস্থায় ট্রেনটি প্রায় আধা কিলোমিটার পথ বাসটিকে ঠেলে নিয়ে থেমে যায়। এতে ১১ জন নিহত ও অন্তত ৫৬ জন আহত হন।
অপয়া অপবাদ দিচ্ছে বর-বধূকে
বরের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে এখনো মানুষ আসছে শোক জানাতে। তাদেরই কেউ কেউ বর ও নববধূকে অপয়া বলে অপবাদ দিচ্ছে। এতে তাদের কষ্ট আরো বাড়ছে বলে জানান বর ও বধূ দুজনই।
সোমবার ফুলহরি গ্রামেও যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি।
বর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরযাত্রীর বাসের পিছনে ছিল তাদের বহনকারী মাইক্রোবাস। দুর্ঘটনার পর তিনি নিজে হতাহতদের উদ্ধার শুরু করেন। রক্তে বিয়ের পোশাক ভিজে যায়।
প্রথমে তাদের মাইক্রোবাসে করে আহতদের হাসপাতালে পাঠানো হতে থাকে। তারপর স্থানীয় লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে আসে পুলিশ।
তখনকার দৃশ্য বর্ণনার মতো নয় বলে জানান তাপস।
ফুলহরি গ্রামের মানুষ এখনও দুর্ঘটনার শোক সামলে উঠতে পারেনি। নববধূ জোৎস্না বিশ্বাস সেদিন থেকেই কেঁদে যাচ্ছেন। কেঁদে কেঁদে দুচোখ ফুলে গেছে তার।
তিনি জানান, এ মর্মান্তিক ঘটনার জন্য তাদের বিয়েকে অপবাদ দিচ্ছে দেখতে আসাদের কেউ কেউ। এতে তাদের কষ্ট হতাশা আরো বেড়ে যায়।
তাপস বিশ্বাস জানান, আহতদের ৩৩ জন এখনও যশোর ও নয় জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত ছয় জন আছেন ঢাকায় চিকিৎসাধীন, যাদের মধ্যে রিপন সাহা ও মিঠু সাহা রয়েছেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
প্রতিজনের চিকিৎসায় প্রতিদিন বিপুল টাকা ব্যয় হচ্ছে বলে তিনি জানান।
