মন্ত্রিপরিষদ বিভাগে আরেকজন সচিব
মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের নতুন পদ সৃষ্টি করে সেখানে এক অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে এই বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।
এখন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা র সঙ্গে এই বিভাগে সচিবের দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম।
আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের বিষয়টি আরো জোরদার করতে হবে জানিয়ে নতুন পদে দায়িত্ব পাওয়া এই কর্মকর্তা বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগ কিছু ইনোভেটিভ কাজ করতে চায়। তাই নতুন সচিবের পদ সৃজন করা হয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাধিক সচিবের পদ রয়েছে।
আলাদা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহেরকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মাহমুদা বেগমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে বিসিক পরিচালক মো. জাহাঙ্গীর মোল্লাকে ওএসডি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. নুরুল করিমকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক অপরূপ চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব রূপন কান্তি শীলকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি এবং অতিরিক্ত সচিব মো. আব্দুল কুদ্দুছকে ওএসডি করা হয়েছে।
আলাদা আদেশে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলডি) মহাপরিচালক কবির মো. আশরাফ আলমকে ভূমি আপিল বোর্ডের সদস্য হিসাবে বদলি করা হয়েছে।
আর ভূমি আপিল বোর্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলমকে ইউজিসির একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ওএসডি অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এনএসডিসি সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা করে আদেশে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
