ট্রাইব্যুনালের কার্যক্রমে মার্কিন দূতের ‘সন্তোষ’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে ‘সন্তোষ’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্টিফেন জে র্যাপ।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় পরিদর্শন এবং বিচারপতিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন র্যাপ। এরপর সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে ‘সন্তোষ’ প্রকাশ করেন তিনি।
সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন র্যাপ। দেড় ঘণ্টার ওই বৈঠক নিয়ে সাংবাদিকদের কিছু বলেননি তিনি। তবে মঙ্গলবার সফরের সার্বিক দিক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূতের।
বৈঠকে আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে খন্দকার মাহবুব হোসেন, তাজুল ইসলাম, মতিউর রহমান আকন্দ, শিশির মো. মনির, ব্যারিস্টার এহসান ই সিদ্দিকী, তানভীর আহমেদ আল-আমিন, নাজিব মোমেন, আহমেদ বিন কাশেম ছিলেন।
এর আগে বেলা ১১টায় ধানমণ্ডি ২৭ নম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার সদস্যদের সঙ্গে বৈঠক করেন র্যাপ। মামলার তদন্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ-খবর নেন তিনি।
তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত সংস্থার সদস্যদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন স্টিফেন জে র্যাপ। তিনি আমাদের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি নিজেও একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করেন তিনি, যাতে আমরাও উপকৃত হয়েছি।”
এরপর দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে তিনি ছয় বিচারপতির সঙ্গে ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানান ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী।
বিকালে প্রসিকিউশনের কার্যালয়ে প্রসিকিউটরদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
বৈঠকে প্রসিকিউশনের কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন স্টিফেন জে র্যাপ। যুক্তরাষ্ট্রের এই দূত প্রসিকিউশনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন বলে প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানান।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরও পরিদর্শন করেন তিনি।
একাত্তর সালে সংঘটিত মানবতাবিরোধী অরপাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সোমবার ঢাকায় এসে পৌঁছান যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ। ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের পর এটি তার পঞ্চম সফর।
এর আগে বাংলাদেশ সফরে এসে মানবতাবিরোধী অপরাধের বিচারে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের কথা জানিয়েছিলেন তিনি। একইসঙ্গে বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান রক্ষার ক্ষেত্রে পদ্ধতিগত কিছু ত্রুটিও তুলে ধরেন তিনি।
