২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে দুর্বৃত্তের হামলায় ১ ব্যক্তি নিহত

ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তদের হামলায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 06:23 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

সোমবার ভোরে ধামরাই উপজেলার লাকুড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে তার স্বজনরা ও পুলিশ জানিয়েছে।

নিহত মো. শহিদুল্লাহর বাড়ি ধামরাইয়ের লাকুড়িয়া পাড়ায়। তিনি ধামরাইয়ের একমি ল্যাবরেটরিজের সাবেক স্টোর ইনচার্জ ছিলেন।

ময়নাতদন্তের জন্য সকালে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের শ্যালক আলী হোসেন বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত শহিদুল্লাহর বাড়ির মূল ফটক ভেঙে ঢুকে পড়ে। পরে ডাকাতরা দরজা ভাঙার চেষ্টা করলে শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় তার।

“তখন তিনি রান্না ঘর থেকে একটি বটি নিয়ে দরজার দিকে এগিয়ে গেলে ডাকাতরা পিছু হটে। এক পর্যায়ে শহিদুল্লাহ দরজা খুলে বের হলে ডাকাতরা তার উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

বাদল জানান, গলার জখম দেখে তাদের ধারণা ডাকাতরা গুলি অথবা শাবল দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করেছে।

তবে পুলিশের ধারণা, মেয়ের পরকীয়ার খবর জানতে পারায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত শহিদুল্লার তিন ছেলে ও এক মেয়ে। স্বামী বিদেশে থাকায় স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে তার এক মেয়ে।

মেয়ের পরকীয়ার খবর জানতে পেরে কিংবা মেয়েকে ওই যুবকের সঙ্গে দেখে ফেলায় তাকে শাবল দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ওসির ধারণা।

তবে নিহতের পরিবার পুলিশের এ বক্তব্যকে নাকচ করে বলেছে, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতেই পুলিশ এ ‘মিথ্যা নাটক’ সাজাচ্ছে।