কেটে ফেলল ১৫০টি গাছ
নড়াইল সদরে গ্রাম্য কোন্দলের জেরে অন্তত দেড়শ ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার রামসিদ্ধি গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, সদরের ভদ্রবিলা ইউনিয়নের রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রোববার রাতের কোনো সময়ে জাহিদুর রহমান ও জিয়া মোল্যার অন্তত দেড়শ গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত জিয়া মোল্যার ভাই উজ্জ্বল মোল্যা বলেন, “দুই বছর আগে আমার ভাই ও জাহিদুর নিজেদের জমিতে ১৫০টি ইউক্যালিপটাস গাছের চারা লাগিয়েছিলেন। গ্রাম্য কোন্দলের কারণে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।”
তবে কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিকদার লিয়াকত হোসেন বলেন, “গ্রাম্য কোন্দল থাকতেই পারে। কিন্তু গাছের সঙ্গে শত্রুতা জঘন্য অপরাধ।”
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নড়াইল সদর থানার ওসি রেজাউল করিম জানান, ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
