সিলেটে ৫ পুলিশের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি
পুলিশ হেফাজতে আসামি নির্যাতনের অভিযোগে সিলেট কোতোয়ালী থানার সাময়িক বরখাস্ত হওয়া ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে করা মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেয়া হয়েছে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জাবেদুর রহমান জানান, সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। ইতোমধ্যে তিনি তদন্ত কাজও শুরু করেছেন।
এর আগে রোববার রাতে ‘নির্যাতিত’ কামাল আহমদ চৌধুরীর ভাই শামীম আহমদ চৌধুরী বাদী হয়ে পাঁচ পুলিশের বিরুদ্ধে হত্যাচেষ্টা অভিযোগে সিলেট কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
এদের মধ্যে এসআই আব্দুর রহিম ছাড়া বাকিদের আগেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ১৭ জুলাই সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ছাতক পৌরসভার মেয়র কালাম আহমদ চৌধুরীর ভাই কামাল আহমদ চৌধুরীকে কোতোয়ালী থানা হেফাজতে নির্যাতন করা হয়।
এ ঘটনায় নির্যাতিত কামালের ভাই শামীম আহমদ চৌধুরী ২৪ জুলাই হাই কোর্টে একটি রিট আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে বিচারক পুলিশের আইজিপি এবং সিলেটের পুলিশ কমিশনারকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৭ জুলাই ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তও করা হয়।
