২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবকের হাত-পা বাঁধা লাশ

কেরানীগঞ্জের ভাগনা এলাকার এক কাশবন থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 08:58 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

নিহত মো. রহমত উল্লাহ (২৯) গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সন্ধ্যায় রহমত উল্লাহর লাশ ভাগনার এক কাশবন থেকে উদ্ধার করা হয়। তার হাত-পা নাইলনের রশি দিয়ে বাঁধা ছিল। গলায় ছিল গামছা প্যাঁচানো।”

নিহতের হাত-পায়ে জখম থাকলেও সেগুলো তেমন গভীর নয় বলেও জানান ওসি।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার সকালে রমহত উল্লাহকে রহমতপুর গ্রাম থেকে বেলাল নামের এক যুবক মোবাইলে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি না ফেরায় রহমতের বোন সেলিনা আক্তার রোববার সকালে থানায় জিডি করেন।

স্বজনরা পুলিশকে জানিয়েছেন, রহমত চকবাজারের একটি দোকানে চাকরি করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন।

তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি স্বজনরা।

ময়নাতদন্তের জন্য রহমতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।