২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের বুকিং সহকারী ‘কালোবাজারি’

কালোবাজারে টিকিট বিক্রির সময় জনতার হাতে আটক সিরাজগঞ্জ বাজার স্টেশনের বুকিং সহকারী ইব্রাহিম হোসেনকে পুলিশ ছেড়ে দিয়েছে লিখিত অভিযোগ না পাওয়ায়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 06:42 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

খবর পেয়ে রোববার সকালে পাকশী রেল বিভাগের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টার (জেটিআই) শাহিনুর রহমানের নেতৃত্বে রেল বিভাগের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

শনিবার সন্ধ্যার পর কালোবাজারে টিকিট বিক্রির সময় জনতার হাতে আটক হন তিনি। পরে রেলওয়ে পুলিশ এসে তাকে জনতার পিটুনি থেকে রক্ষা করে।

স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা জানান, সিরাজগঞ্জ-ঢাকাগামী একমাত্র ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চালুর পর থেকেই বুকিং সহকারী ইব্রাহীম হোসেন কালোবাজারে বিক্রি করে আসছেন।

এবার ঈদের পর ট্রেন যাত্রীদের প্রচণ্ড ভিড়ের সুযোগে আবার তিনি কালোবাজারে উচ্চমূল্যে টিকিট বিক্রি করতে শুরু করেন।

তারা জানান, শনিবার সন্ধ্যার পর টিকিট কাউন্টার বন্ধ করে অন্য দালালদের সঙ্গে কালোবাজারে টিকিট বিক্রির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক হায়দার আলী বলেন, “টিকিট কাউন্টার বন্ধ পেয়ে আমিও বুকিং সহকারী ইব্রাহিমের খোঁজ করেছি, কিন্ত পাইনি। হাতেনাতে ধরা পড়ার সময় অনেকেই তার নামে অভিযোগ করেন। কিন্তু লিখিত অভিযোগ না পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।”

সাবেক স্টেশন মাস্টার-কাম-বুকিং সহকারী আজাহার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নিজেও পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষের কাছে এসব বিষয়ে কয়েকদফা অভিযোগ দিয়েছি। তারপরও বিষয়টির প্রতিকার হয়নি।”

পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহা-ব্যবস্থাপক আব্দুল আউয়াল ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শুনেছি। তদন্ত চলছে। শিগগিরই ইব্রাহিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”