ব্রক্ষপুত্রে নৌ-ডাকাতি
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় হামলা চালিয়ে কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় নৌকার চার যাত্রী আহত হয়েছেন।
রোববার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের পাশের গাইবান্ধা জেলার মোল্লার চরে এ ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতরা রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজিবপুর থানার ওসি হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল গাইবান্ধা জেলার অন্তর্গত হওয়ায় তাদের কিছুই করার নেই।
কুড়িগ্রাম জল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আশরাফুল জানান, ডাকাতির ঘটনা ঘটেছে কুড়িগ্রাম জেলার সীমানা থেকে কয়েক কিলোমিটার দূরে গাইবান্ধার মোল্লার চর ইউনিয়নের কাচির চর গ্রামে।
রাজিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু জানান, সকাল ৯টার দিকে কয়েকজন ব্যবসায়ীসহ ৪০/৫০ জন যাত্রী নিয়ে রাজিবপুরের নয়ারচর ঘাট থেকে একটি নৌকা গাইবান্ধার উদ্দেশে রওনা হয়।
সকাল ১০টার দিকে মোল্লার চর এলাকায় পৌঁছলে একদল ডাকাত হামলা চালায়। তারা প্রথমে নৌকাটি বিকল করে দেয়। পরে গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। এ সময় ছুরিকাঘাত ও মারধরে নৌকার মাঝিসহ চার জন আহত হন।
ডাকাতরা নগদ অর্থ, মোবাইল ফোন সেট ও মুল্যবান জিনিসপত্র লুট করে, যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা বলে যাত্রীরা দাবি করছেন।
আহতরা হলেন হাফিজুর রহমান (৩৮), লিটন মিয়া (৩৫), শাফি উদ্দিন (৩২) ও নৌকার মাঝি বাদশা মিয়া (৪৮)।
বাদশা মিয়া জানান, তারা রাজিবুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
