চট্টগ্রাম দেখে হতাশ যোগাযোগমন্ত্রী
ভাঙাচোরা রাস্তা, আবর্জনা, যানবাহন চলাচলে বিশৃঙ্খলা, যত্রতত্র বিলবোর্ড মিলিয়ে বন্দরনগরী চট্টগ্রাম বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদের পর চট্টগ্রামে এসে রোববার সড়ক দুর্ঘটনা রোধে একটি প্রচারমূলক কর্মসূচিতে এসে তিনি বলেন, চট্টগ্রামের মতো রাস্তার দুরবস্থা দেশের আর কোথাও নেই।
আগ্রাবাদ বাদামতলী মোড়ে বিআরটিএ’র উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক রোড-শো উদ্বোধনের পর এভাবেই চট্টগ্রামের মূল্যায়ন করেন মন্ত্রী।
তিনি সাংবাদিকদের বলেন, “চট্টগ্রাম আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, কয়েক বছর আগেও এমন ছিল না।
“যেদিকে তাকাই, ময়লার স্তূপ, দুর্গন্ধের জন্য হাঁটা যায় না। বিল বোর্ডের জন্য সৌন্দর্য উপলব্ধি করা যায় না।”
চট্টগ্রামে সড়কের দুরবস্থার বিষয়টি স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, “এখানকার অথরিটি ভালো। কিন্তু ভালো মানুষ হলে চলবে না। এ শহরের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।”
শহরের এমন অবস্থা হলে সাগর ও পাহার ঘেরা এই নগরীতে বিদেশিরা কেন আসবে- প্রশ্নও তোলেন এই মন্ত্রী।
দায়িত্ব পেলে দুই-তিনদিনের মধ্যে সিটি কর্পোরেশন তথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন এই রাস্তাঘাট মেরামতের কাজ করে দেবেন বলে জানান যোগাযোগমন্ত্রী।
চট্টগ্রামের রাস্তাঘাট মেরামতে সরকারি বরাদ্দ পাওয়া যায় না বলে চসিকের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “রাস্তা মেরামতের জন্য বরাদ্দের প্রয়োজন হয় না। মেয়র আমাকে বলুক, আমি বরাদ্দ এনে দেব।”
চট্টগ্রামে যানবাহন চলাচলে শৃঙ্খলা না দেখে তিনি বলেন, চট্টগ্রামে ৯৫ শতাংশ মানুষ মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করেন না। ব্যটারিচালিত রিকশাসহ বিভিন্ন কারণে এ শহরে যানজট বেড়ে গেছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মন্ত্রী বিভিন্ন যানবাহনে বিআরটিএর সচেতনতামূলক প্রচারপত্র ও স্টিকার বিলি করেন।
এসময় তিনি একটি ব্যটারিচালিত রিকশার ব্যাটারি খুলে নেয়ার পাশাপাশি দুই মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
ব্যাটারিচালিত রিকশা এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালু রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
