২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মেরামত করবে দেশীয় প্রতিষ্ঠান’

চার লেন প্রকল্পে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোর কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে ঢাকা-চট্টগ্রাম পুরনো মহাসড়ক সংস্কারের কাজ দেশীয় ঠিকাদারকে দেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শনিবার দুপুরে সড়ক ও জনপথের (সওজ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

ওবায়দুল কাদের বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের ১০টি প্যাকেজের সাতটিই একটি প্রতিষ্ঠান সিনো হাইড্রোকে দেয়া হয়েছে। এটা আমি আসার আগে হয়েছে।”

“অনেকে বলেন, এটা অবাস্তব। আমাদের দেশে অনেকে ভালো কাজ করেন। অথচ একটু রাজনৈতিক অস্থিরতা হলে, একটু বর্ষা হলে তারা (সিনো হাইড্রো) কাজ গুটিয়ে বসে থাকে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

যোগাযোগমন্ত্রী বলেন, “মেনে নিলাম রাজনৈতিক সহিংসতা হলে আপনারা কাজ করবেন না। কিন্তু যে নতুন রাস্তা করবে পুরনো রাস্তা মেরামতের দায়িত্বও তো তার। এবারও তারা শেষ মুহূর্তে রাস্তা মেরামতে অপারগতা জানিয়েছে।”

“চীনা প্রতিষ্ঠান যেহেতু করছে না তাই আমাদের নিজেদের ফান্ডে স্থানীয় ঠিকাদার দিয়ে মেরামত করা হবে। মহাসড়ক তো সচল রাখতে হবে।”

মত বিনিময় সভায় পরিবহন মালিক-শ্রমিক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার ১০টি প্যাকেজের মধ্যে সাতটির কাজ করছে চীনা প্রতিষ্ঠান সিনো হাইড্রো। বাকি তিনটির কাজ করছে দেশীয় ঠিকাদার।

বর্ষা মৌসুমের ‍শুরু থেকে চার লেন প্রকল্পের অসমাপ্ত কাজের জন্য মহাসড়কে প্রায় প্রতিদিন দীর্ঘ যানজট হচ্ছে। পাশাপাশি পুরনো সড়কে খানা-খন্দের কারণে দুর্ঘটনা ও যানজট বাড়ছে।

মহাসড়কের ফেনী, মিরসরাই, কুমিরা ও সীতাকুণ্ড অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাই সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াতে এখন গড়ে ১৭ থেকে ২০ ঘণ্টা সময় লাগে বলে প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক নেতারা জানান।

রমজান ও ঈদের সময় মহাসড়কের বেহাল দশা থেকে মুক্তি পেতে ও যানজট নিরসনে সভায় উপস্থিতদের কাছ থেকে পরামর্শ চান ওবায়দুল কাদের।

আলোচনা শেষে সভার সুপারিশ অনুসারে যোগাযোগমন্ত্রী মহাসড়কে যানজট নিরসন ও সংস্কার কাজ সমন্বয়ের জন্য সওজ কার্যালয়ে রোববার থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলার ঘোষণা দেন।

তিনি বলেন, “সড়ক মেরামতকারী ভ্রাম্যমাণ কয়েকটি দল ২৪ ঘণ্টা মহাসড়কে থাকবে। নষ্ট গাড়ি সরাতে ক্রেনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে চট্টগ্রাম বন্দর থেকে ক্রেন নেয়া হবে।”

পাশাপাশি অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ করা, নিয়ন্ত্রিত গাড়ি চালনা এবং মহাসড়কের সম্প্রসারণ কাজের সাথে সমন্বয় করে যানবাহন চলাচলের জন্য সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের প্রায় সব জেলায় ভ্রমণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যোগাযোগমন্ত্রী একা রাস্তায়-রাস্তায় ঘুরলে সমস্যার কোনো সমাধান হবে না।

“দেশের পুরনো রাস্তাগুলোর ওভারলোড ধারণের ক্ষমতা একেবারেই নেই। আমাদের আর বিটুমিন রাস্তা দিয়ে চলবে না, কংক্রিটে যেতে হবে। ওয়েট স্কেল পরিচালনা অন লাইনে করা হবে।”

ছোট কাজে বড় দুর্ভোগের কারণে সরকারের বড় প্রকল্পের সাফল্যও ম্লান হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী।

গত তিনদিন চট্টগ্রামে অবস্থানের অভিজ্ঞতা জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, “শহরের একটা রাস্তাও ঠিক নেই। যানজট হচ্ছে নিয়মিত।”

চট্টগ্রাম শহরের অননুমোদিত ও সৌন্দর্য বিনষ্টকারী বিলবোর্ড অপসারণে সিটি করপোরেশন ও চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি নওশের আলী খান, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, পরিবহণ শ্রমিক নেতা রুহুল আমিন, আবদুল মাবুদ ও কফিল উদ্দিন।