২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এল খুশির ঈদ

শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2014, 07:22 PM

Updated : 22 Aug 2022, 08:38 PM

সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির ঘোষণার সঙ্গে সঙ্গে পাড়ায়-মহল্লায় বাজতে থাকে এই উৎসবের অনুষঙ্গ হয়ে ওঠা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই গানটি- ‘ও মন রমজানেরই রোজার শেষে এল খুশির ঈদ’।

এর সঙ্গে সঙ্গে বিদায় নিল সিয়াম সাধনার রমজান মাস, সেই সঙ্গে বাড়িতে বাড়িতে শুরু হয় উৎসবের প্রস্তুতি।

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও।

ঈদের দিন সকাল ১০টা থেকে বঙ্গভবনে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন গণভবনে। বিএনপি চেয়ারপারসনের শুভেচ্ছা বিনিময় হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের এই উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও।

সরকারি ছুটিতে নগর ছেড়ে চাকরিজীবী ও ব্যবসায়ী অনেকে প্রতিবারের মতো এবারো সপরিবারে গেছেন গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করতে। এই যাত্রায় বরাবর অনেক দুর্ভোগ হলেও এবার অভিযোগ ছিল অনেক কম।

তবে সব মেনে নিয়েই সন্ধ্যায় চাঁদ দেখার খবর শোনার পর উৎসবের রঙ ছড়িয়ে পড়ে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার ঈদ উদযাপিত হওয়ায় ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক আগেই নির্ধারিত ছিল। বৈঠক শুরুর আগেই শেরপুর, রাজশাহী ও রংপুর থেকে চাঁদ দেখার খবর আসে।

এরপর কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে এসে সবার খুশির ঘোষণা দিয়ে বলেন, শাওয়ালের চাঁদ দেখা দেয়ায় এবার ২৯ দিনে শেষ হল হিজরি সালের রমজান মাস।

চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এই সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, ধর্মসচিব চৌধুরী বাবুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন অংশ নেন।

ইসলামিক ফাউন্ডেশনে কমিটির সভার পর ঘোষণার সঙ্গে সঙ্গে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান মন্ত্রী।

মধ্যপ্রাচ্যে রোববার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সোমবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ উদযাপিত হয়েছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ২০০ গ্রামে সোমবার ঈদ উদযাপিত হয়।

ঈদ জামাত

বাংলাদেশের কোটি কোটি মুসলিম সারাদেশে অসংখ্য স্থানে ঈদগাহে কিংবা মসজিদে মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ একসঙ্গে পড়বেন।

বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত।

জাতীয় ঈদগাহ ময়দানে জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন। রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের  বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১১টায় ঈদের জামাতগুলো হবে বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

Image
জাতীয় ঈদগাহে নিরাপত্তার প্রস্তুতি র‌্যাবের

জাতীয় ঈদগাহে নিরাপত্তার প্রস্তুতি র‌্যাবের

প্রতিবারের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাতটি হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল ১০টায় এই জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

এবার চট্টগ্রামে ঈদুল ফিতরের জামাত হবে ২২৫টি স্থানে। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে ১৫২টি এবং জেলা প্রশাসন ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে ৯৩টি জামাতের ব্যবস্থা হয়েছে।

বন্দরনগরীর সর্ববৃহৎ ঈদ জামাতটি হবে নগরীর ওয়াসা মোড়ে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে, সকাল সোয়া ৮টায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী। একই স্থানে সকাল পৌনে ৯টায় হবে দ্বিতীয় জামাত।

সিলেটে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা এই জামাতে অংশ নেবেন।

রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া খারাপ হলে একই সময় প্রধান জামাত হবে হয়রত শাহ মখদুম (র.) দরগা মসজিদে।

খুলনায় ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়, নগরীর সার্কিট হাউজ ময়দানে। দ্বিতীয় জামাত হবে খুলনা টাউন জামে মসজিদে, সকাল সাড়ে ৯টায়।

বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফুদ্দিন আহম্মেদ বেগ এতে ইমামতি করবেন।

সরকারি কর্মসূচি

ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশনগুলো ঈদের দিন ধরে কয়েকদিন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। ঈদ উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যাও ইতোমধ্যে প্রকাশ করেছে।

জাতীয় পর্যায়ের সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় পর্যায়ে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী ঈদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

</div>  </p>

পুরনো খবর:

‘দুয়েক পশলা বৃষ্টি হতে পারে’
বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া
মুসলিম বিশ্বকে ওবামার ঈদশুভেচ্ছা
ঈদে রাজধানীতে ‘বিশেষ’ নিরাপত্তা
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় গণভবনে
ঈদে খালেদার শুভেচ্ছা বিনিময় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে
‘ঈদ আনুক সম্প্রীতি’