২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন না দিলে ফয়সালা রাজপথে: ফখরুল

বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দ্রুত’ নির্বাচন না দিলে রাজপথের আন্দোলনেই এর ফয়সালা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2014, 10:01 PM

Updated : 22 Aug 2022, 06:47 PM

নির্দলীয় সরকারে অধীনে আগাম নির্বাচনের দাবি আওয়ামী লীগের প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় শনিবার এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

ফখরুল বলেন, “২০০৮ সালে আওয়ামী লীগের ন্যূনতম একটা বৈধ্যতা ছিল। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনে তারা জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে।

“আমরা সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। এই দাবি পূরণ না হলে আন্দোলনে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।”

৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে আগাম নির্বাচন চেয়ে এলেও তাতে সরকারের সাড়া মিলছে না।

এই দাবি আদায়ে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের পর জোরদার আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাজপথে প্রতিরোধের কথা বলেছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে ফখরুল বলেন, “৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে বৃটিশ প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে উল্টোভাবে ব্যাখ্যা করে মিথ্যাচার করেছেন। এভাবে মিথ্যাচার করাটা একটি অপরাধ বলে আমরা মনে করি।

“সরকার পদে পদে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা বলে দিতে চাই, এতে কোনো লাভ হবে না।”

‘অবৈধভাবে’ ক্ষমতায় বসে সরকার এখন বৈধতার জন্য বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

ধানমণ্ডিতে একটি কনভেশন সেন্টারে রংপুর মেডিকেল কলেজের জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্যে ঈদের পর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বানও জানান ফখরুল।

সংগঠনের সভাপতি ডা. আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্যাব এর সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা মুস্তাক রহিম স্বপন, রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

পুরনো খবর:

‘মাঠে দেখা হবে’