২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলাশূন্য রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল

অন্যান্য আদালতে মামলার জট থাকলেও কোন মামলা না থাকায় তিন মাস ধরে অলস সময় কাটাচ্ছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ও কর্মকর্তা-কর্মচারীরা।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2014, 10:30 AM

Updated : 22 Aug 2022, 06:46 PM

গত ২০ এপ্রিল গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার একটি মামলার রায়ের মধ্য দিয়ে মামলা শূন্য হয়ে পড়ে এ আদালত।

এ ট্রাইব্যুনালে বিচারকসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

ট্রাইব্যুনালের পেশকার কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় তিন মাস যাবৎ এ ট্রাইব্যুনালে কোন মামলা নেই। মামলা না থাকায় ট্রাইব্যুনালের কার্যক্রমও নেই। ফলে অলস সময় কাটাতে হচ্ছে এখানকার কর্মকর্তা কর্মচারীদের।”

এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অন্যান্য জেলার পাশাপাশি ২০০২ সালে গঠিত হয় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে ১৩৫ কার্য দিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার নির্দেশ রয়েছে।

কামাল হোসেন জানান, রাজাশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে উত্তরাঞ্চলের (রাজশাহী ও রংপুর বিভাগ) ১৬ জেলার গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার বিচারিক কার্যক্রম চালানো হয়।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এন্তাজুল হক বাবু বলেন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিচারিক শাখায় পাঠানো হয়। সেখানে মনিটরিং সেল কাগজপত্র যাচাই করে তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায়।

“কিন্তু রাজশাহী ট্রাইব্যুনালের আওতাধীন জেলাগুলোতে শতশত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা পড়ে রয়েছে। অথচ সে মামলাগুলো ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে না।”

রাজশাহী অ্যাডভকেট বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী বলেন, দ্রুত বিচার ট্রাইবুনাল একটি বিশেষায়িত ট্রাইব্যুনাল। সরকার মামলার গুরুত্ব বুঝে তা ট্রাইব্যুনালে পাঠান।

তিনি বলেন, “প্রতিটি জেলায় মামলা জট রয়েছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ মামলাগুলো এই ট্রাইব্যুনালে সরকার পাঠাতে পারে।”