ফেনীতে অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফেনীতে অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার মধ্যরাতে জেলা ছাত্রলীগের কার্যালয় সংলগ্ন সুপার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছাইদুল ইসলাম (২২) ও একই উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রিংকু (২৪)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি ও দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ মহি উদ্দিন জানান, জেলা ছাত্রলীগ কার্যালয়ে পূর্ব নির্ধারিত বৈঠক শেষে ফিরে যাওয়ার সময় সুপার মার্কেটের সামনে থেকে ছাইদুল ইসলাম ও রিংকুকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলভার, তিন রাউন্ড গুলি ও দুটি ধারালো চাকু উদ্ধার এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
আটককৃতদের সোমবার সকালে অস্ত্রসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
