গণভবনে ইফতারে পেশাজীবীরা
রমজানের ২০তম দিনে গণভবনে পেশাজীবীদের নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার এই ইফতার অনুষ্ঠানে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী টেবিলে টেবিলে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকারমের খতিব মো. সালাউদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রীর সঙ্গে একই টেবিলে ইফতার করেন জাতীয় অধ্যাপক সালাউদ্দীন আহমদ, বিএমএ সভাপতি মাহমুদ হাসান, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সভাপতি নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ, কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক হাবিবুর রহমান মিলন, অর্থনীতিবিদ রেহমান সোবহান ও কৃষিবিদ আমিরুল ইসলাম।
ব্যারিস্টার রফিক-উল হক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ইফতারে উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারী গণভবনের এই ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
ইফতার অনুষ্ঠানের পর প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে এবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের খেলোয়াড়রা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
