গোপালগঞ্জে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাছ চাষিদের দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ছয় লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে উপজেলার চাপ্তা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় রোজিনা বেগম বলেন, মাছ চাষি জাফর শেখ ও ইলিয়াছ তালুকদার পুকুর দুটি ইজারা নিয়ে কয়েক দফায় কার্প জাতীয় মাছের পোনা ছাড়েন। সম্প্রতি কিছু মাছ বিক্রির উপযোগীও হয়ে ওঠে। এর মধ্যে রাতের অন্ধকারে কে বা কারা পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে।
ক্ষতিগ্রস্ত মাছ চাষি জাফর শেখ বলেন, “ঋণ করে চাপ্তা গ্রামের দুটি পুকুর লিজ নিয়ে আমি ও ইলিয়াছ মাছ চাষ করি। কে বা কারা রাতে পুকুরে বিষ দিয়ে আমাদের সব মাছ মেরে ফেলেছে।”
এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে দেখছে।
