লংগদুতে গুলিতে ইমাম নিহত
রাঙামাটির লংগদুতে গুলিতে একটি মসজিদের ইমাম নিহত হয়েছেন।
শুক্রবার উপজেলার বগাচত্বর ইউনিয়নে নিহত ইমাম হোসেন (৩৫) রাঙ্গিপাড়া তিন নম্বর জামে মসজিদের ইমাম ছিলেন বলে জানিয়েছেন লংগদু থানার ওসি অঞ্জন কুমার দে।
এ ঘটনায় ওই মসজিদের মক্তবের সাবেক ছাত্র আল-আমীনকে (১৩) অস্ত্রসহ আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি অঞ্জন কুমার আরো জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ইমাম হোসেনের সঙ্গে আল-আমীনের কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে আল-আমীন তার কাছে থাকা পাইপগান দিয়ে ইমাম হোসেনকে কাছ থেকে গুলি করেন। স্থানীয়রা লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে ইমাম হোসেনের মৃত্যু হয়।”
এলাকাবাসী আল-আমীনকে পাইপগানসহ আটক করে পুলিশের হস্তান্তর করে, বলেন ওসি অঞ্জন।
