দৌলতদিয়া-পাটুরিয়ায় ৩টি নতুন ফেরি চালু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবহন পারাপারের জন্য তিনটি নতুন ফেরি চালু হয়েছে।
নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান শুক্রবার দৌলতদিয়া ফেরিঘাটে ‘রজনীগন্ধা’, ‘শাপলা শালুক’ ও ‘চন্দ্রমল্লিকা’ নামের ফেরি তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, ফেরিগুলো সংযোজনের ফলে এখন এ রুটে যানবাহন পারাপারে আর কোনো সমস্যা হবে না। নিশ্চিন্তে যাত্রীরা ঈদে বাড়ি যেতে পারবে।
শাজাহান খান বলেন, অতীতের কোনো সরকারই নতুন ফেরির কথা চিন্তা করেনি। বর্তমান সরকার ক্ষমতায় এসে যাত্রীসেবা উন্নত করতে নতুন নতুন ফেরি নির্মাণ এবং নাব্যতা রক্ষায় নদী খননের কার্যক্রম হাতে নিয়েছে।
শিগগিরই দৌলতদিয়ায় একটি আধুনিক নতুন টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে রাজবাড়ীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সোহরাব হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, খান ব্রাদার্স অ্যান্ড শিপইয়ার্ড ২১ কোটি ২৫ লাখ টাকায় ফেরিগুলো নির্মাণ করেছে। প্রতিটি ফেরি ৮ থেকে ১০টি যানবাহন নিয়ে অল্প পানিতে চলাচলে সক্ষম।
