২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিরাঙার অপহৃত চার শ্রমিক উদ্ধার

অপহরণের ১১ দিন পর অভিযান চালিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত চার শ্রমিককে উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 11:32 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার রাত ৯টায় গুইমারা উপজেলার সিন্দুকছড়ির পঙ্খীমুড়া এলাকা থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয় বলে গুইমারা থানার ওসি মো. আবু ইউছুফ চৌধুরী জানিয়েছেন।

তিনি জানান, এসময় ১টি এলজি ও ১টি দেশীয় রিভলবার উদ্ধার করেন সেনাবাহিনী সদস্যরা। উদ্ধারকৃতরা অক্ষত রয়েছেন।

উদ্ধারকৃতদের তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- রাজু, ফারুক ও হারুন।

গত ৬ জুলাই রাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ব্যাঙমারা এলাকায় নির্মাণাধীন সেতুটির পাশ থেকে ওই চার শ্রমিক 'নিখোঁজ' হন। পরে সেতুটির নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান  মেসার্স আনোয়ার অ্যান্ড সন্স-এর কাছে তাদের মুক্তিপণ হিসাবে ১০ লাখ টাকা চাওয়া হয় বলে দাবি করেছিলেন প্রতিষ্ঠানটির মালিক হাসানুজ্জামান।

পুলিশ কর্মকর্তা আবু ইউসুফ বলেন, "সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রাব্বি হাসান-এর নেতৃত্বে সন্ত্রাসীদের আস্তানা ট্র্যাক করে অভিযান পরিচালনা করা হয় । উদ্বারকৃতরা সিন্দুকছড়ি সেনা জোন সদরে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন।"