কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার চান্দিনা উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর কাজী বাড়ির সিদ্দিকুর রহমানের ছেলে কবির (২২), একই গ্রামের আব্দুল বারেকের ছেলে আনোয়ার (২৮) এবং হাজী রহিম মাস্টারের ছেলে আব্দুল হক (২৭)।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি মশিউর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৩ মোটরসাইকেল আরোহীকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে কবির ও আনোয়ার মারা যান।
"পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল হক চিকিৎসারত অবস্থায় মারা যান।"
পুলিশ কর্মকর্তা মশিউর জানান, কাভার্ডভ্যানের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যান ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
