২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুর পৌর মেয়রের বিরুদ্ধে কর আত্মসাতের মামলা

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে কর আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 05:50 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

অভিযুক্তরা হলেন- শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, সাবেক সচিব বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভায় কর্মরত মাশরেকুল আলম ও সাবেক হিসাব রক্ষক বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত আব্দুল মান্নান।

বৃহস্পতিবার দুপুরে পৌর করের ৫২ লাখ ৩ হাজার ৩১২ টাকা যথাসময়ে সরকারি তহবিলে জমা না দেওয়ায় তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় আলাদা তিনটি মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম।

একটি মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০০২ সালের নভেম্বর থেকে ২০০৪ সাল পর্যন্ত মেয়র আনিছুর রহমান পৌরসভার রশিদের মাধ্যমে ৯২ হাজার ৯৭৫ টাকা আদায় করে তা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ সকরেছেন। এই মামলায় মেয়র এককভাবে অভিযুক্ত।

দ্বিতীয় মামলার বিবরণে বলা হয়, ২০০৯ সালে বাজার ইজারার ভ্যাট ও ট্যাক্সের ৭ লাখ ৩৫ হাজার ২’শ টাকা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। পরে নিরীক্ষা প্রতিবেদনে আত্মসাতের বিষয়টি ধরা পড়লে রেজুলেশনের মাধ্যমে তা পৌর তহবিলে জমা দেওয়া হয়। ওই মামলায় মেয়রসহ তিনজনকেই অভিযুক্ত করা হয়েছে।

তৃতীয় মামলার বিবরণে বলা হয়, ২০১০ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আদায় করা ট্যাক্সের ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা আত্মসাৎ করা হয়েছে। ওই মামলায় মেয়র ও হিসাবরক্ষককে অভিযুক্ত করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মহসিনুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাগুলো দুর্নীতি দমন আইনে রুজু করা হয়েছে। এসব মামলা দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের নিয়োজিত কর্মকর্তারা মামলাগুলোর তদন্ত করবেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আত্মসাতের বিষয়গুলো নিরীক্ষা প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পর নতুন করে রেজুলেশন করে তা পৌর তহবিলে জমা দেওয়া হয়।

এবিষয়ে নিজের দায় অস্বীকার শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৬ সালে মাশরেকুল আলম ও আব্দুল মান্নান ওই টাকা নির্ধারিত সময়ে ব্যাংকে জমা না করায় তাদের নোটিশ করেছিলাম। এতে আমার কোনো গাফিলতি ছিল না।”

মেয়র ছাড়া অন্য অভিযুক্ত আব্দুল মান্নান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ছয়ানি বকশিয়া গ্রামের মৃত আহফাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত মাশরেকুল আলম মনিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের মৃত রমজান আলীর ছেলে।