এসেক্স ইউনিভার্সিটির ‘সম্মান সূচক’ ডিগ্রি নিলেন স্পিকার
নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটির ‘সম্মানসূচক ডিগ্রি’ পেলেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘স্নাতক উৎসব-২০১৪’ অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরীকে সম্মানসূচক এই ‘ডক্টরাল’ ডিগ্রি দেয়া হয়।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসেক্স ইউনিভার্সিটির প্রো-চ্যান্সেলর ডেভিড বোয়েল স্পিকারের হাতে সনদ তুলে দেন।
স্পিকার অনুষ্ঠানে বলেন, “নারীর ক্ষমতায়ণ ও জেন্ডার সমতা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়েই বাংলাদেশে ‘জাতীয় নারী উন্নয়ন নীতি, ২০১১’; ‘শিশু নীতি-২০১১’ এবং ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০’ প্রণীত হয়েছে।”
তিনি বলেন, “নারীর সমঅধিকার প্রতিষ্ঠাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ভিত্তি। নারীর বলিষ্ঠ কণ্ঠস্বর ও তাদের স্বপ্ন এই নীতিতে প্রতিফলিত হয়েছে। তাদের আশা এই নীতিমালার মাধ্যমে তাদের সন্তানদের স্বপ্নও বাস্তবায়িত হবে।”
স্পিকার বলেন, যে কোনো নীতিমালা প্রণয়নে প্রশিক্ষণের মাধ্যমে নারীর দক্ষতা বৃদ্ধিসহ তাদের আয়বর্ধক কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
২০০০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকেই ‘রাইট টু লাইফ’ অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি পান শিরীন শারমিন। সাড়ে তিন বছর সেখানে কাটানোর অভিজ্ঞতাও তিনি অনুষ্ঠানে স্মরণ করেন।
শিরীন শারমিন চৌধুরী ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডস এবং হাউজ অব কমন্সের স্পিকার এবং ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মানসূচক এই ডিগ্রি নিতে গত ১৪ জুলাই যুক্তরাজ্যে যান স্পিকার। আগামী ২২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
