২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালু-তুরাগে সীমানা পিলার চেয়ে আবেদন

ঢাকা ঘিরে থাকা চার নদীর মধ্যে তুরাগ ও বালু নদীতে সীমানা পিলার স্থাপনের নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি আবেদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 04:40 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বৃহস্পতিবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।

আবেদনে সাত দিনের মধ্যে নদীর প্রকৃত সীমানায় পিলার স্থাপনের কার‌্যক্রম শুরুর আর্জি জানানো হয়।

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএ মহাপরিচালক, জরিপ বিভাগের এই প্রতি নির্দেশনা দেয়ার জন্য আবেদন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের আদালতে আবেদনটি শুনানির জন্য দেয়া হবে বলে আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন।

মনজিল মোরসেদ বলেন, আদালতের আদেশ অনুসারে বুড়িগঙ্গায় কাজ হয়েছে। শীতলক্ষ্যায় কাজ চলছে। তুরাগ ও বালু নদীতে কাজ শুরু হলেও প্রকৃত সীমানায় পিলার স্থাপন না করায় জনদাবির মুখে পিলার স্থাপন বন্ধ করে দেয়া হয়।

“এরপর দুই বছরেও সীমানা পিলার স্থাপনের কাজ পুনরায় শুরু না করায় নদী অনেক জায়গায় দখলদারদের হাতে চলে গেছে। নদীর সীমানায় বিভিন্ন স্থাপনা তৈরি করে অস্থায়ী দখল চলছে।”

একই সংগঠনের একটি রিট আবেদনে ২০০৯ সালে হাই কোর্ট ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগসহ আশপাশের নদীগুলোর নাব্যতা রক্ষায় একটি রায় দেয়, যা ঢাকার চার নদী রক্ষার রায় হিসেবে পরিচিতি পায়।

হাই কোর্টের তৎকালীন বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ রায় দিয়ে রিটটি চলমান হিসেবে রাখেন। ওই রিটের আওতায় নতুন করে এই আবেদন করেছে সংস্থাটি।

রায়ে সিএস ও আরএস মানচিত্র অনুসারে ২০০৯ সালের ৩০ নভেম্বরের মধ্যে তুরাগ, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও বালু নদীর সীমানা জরিপ করতে বলা হয়েছিল।

পাশাপাশি পরবর্তী এক বছরের মধ্যে সীমানায় হাঁটার পথ বা বৃক্ষরোপণ করতে বলা হয়। একই সময়ের মধ্যে নদীর সীমানায় অবস্থিত সব স্থাপনা অপসারণ করার নির্দেশ দেয় আদালত।

ঢাকাকে ঘিরে থাকা চার নদীর নাব্যতা রক্ষায় দেয়া রায় পুনর্বিবেচনায় পাঁচটি আবেদন গত সোমবার খারিজ করে দেয় আপিল বিভাগ। এর ফলে শীতলক্ষ্যা নদী থেকে পাঁচ প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদের বাধা দূর হয়।