এসআই জাহিদ ৫ দিনের রিমান্ডে
এক ঝুট ব্যবসায়ীকে ধরে এনে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার মিরপুর থানার এসআই জাহিদুর রহমানসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকালে আটজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তার দুই আসামিকে দুপুরে আদালতে নেয়া হলে মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
এসআই জাহিদ ছাড়া গ্রেপ্তার অপর আসামি হলেন পুলিশের সোর্স নাসিম শেখ।
পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, ডিবি পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে হেফাজতের আবেদন করেন। শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এ সময় আসামিদের জামিনের জন্য একজন আইনজীবী আদালতে দাঁড়ালেও ওকালত নামা না থাকায় তাকে শুনানি করতে দেয়া হয়নি বলে আনিসুর রহমান জানান।
ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে তুলে এনে নির্যাতন ও হত্যার অভিযোগে বুধবার এসআই জাহিদ ও নাসিমকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে এই দুইজনসহ মোট আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।
মামলার অপর আসামিরা হলেন- এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার ও রাশিদুল হক এবং পুলিশ সোর্স পলাশ, ফয়সাল ও খোকন। এরা সবাই পলাতক।
এজাহারে বলা হয়, গত ১২ জুলাই সন্ধ্যায় এসআই জাহিদের নেতৃত্বে একটি দল মিরপুরের প্রিন্স বাজারের সামনে থেকে মিথুন ও জাকির নামে দুইজনকে ১৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশের একই দলটি রাত সোয়া ১২টার দিকে শংকরের পশ্চিম জাফরাবাদে অভিযান চালিয়ে সুজন, তার স্ত্রী মমতাজ সুলতানা ও পাঁচ বছর বয়সী ছেলেকে আটক করে।
তার আগে বাসার বাথরুমে আটকে সুজনকে মারধর করা হয় বলেও সুজনের স্ত্রীর বরাত দিয়ে এজাহারে উল্লেখ করা হয়।
এসআই জাহিদ রাত পৌনে ২টার দিকে তাদের নিয়ে থানায় ফেরেন এবং সুজনের স্ত্রী ও ছেলেকে থানার মহিলা হাজতে রেখে সুজনকে নিজের হেফাজতে নেন। রাত পৌনে ৪টার দিকে শুধু সুজনকে নিয়ে ‘অস্ত্র উদ্ধার অভিযানের নামে’ থানা থেকে বের হয়ে যান তারা।
থানার সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, বের হওয়ার সময় সুজনের পরনে গামছা মতো একটুরা কাপড় ছিল। পরে সঙ্গে থাকা একজন লুঙ্গি নিয়ে তাকে পরিয়ে দেন।
এজাহারে বলা হয়, ভোর ৫টা ২৭ মিনিটে জাহিদ তার মোবাইল ফোন থেকে থানার ওসি সালাউদ্দিন খানকে জানান যে অস্ত্র উদ্ধার অভিযানের সময় শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হলে সুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
“এ ঘটনায় ওই দিনই মিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন করার পর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ১৬ জুলাই পুলিশ ময়না তদন্ত প্রতিবেদন পায়। যেখানে এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করা হয়।”
এজাহারে বলা হয়, গ্রেপ্তারের পর জাফরাবাদের বাসা এবং মিরপুর থানা এলাকার বিভিন্নস্থানে রেখে নির্যাতনের ফলেই সুজনের মৃত্যু হয়।
উপ পরিদর্শক জাহিদসহ আটজন পরস্পরের যোগসাজশে নির্যাতনের কারণেই সুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশের দায়ের করা এজাহারে বলা হয়।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এজাহারে কিছু বলা হয়নি। তবে সুজনের ভাই মাকসুদুর রহমান গত রোববার সাংবাদিকদের বলেছিলেন, প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা না দিলে তার ভাইয়ের ঝুট ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলেন এস আই জাহিদ। আর তা না দেয়ায় ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়।
নির্যাতনের অভিযোগ ওঠার পরপরই এস আই জাহিদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ। সুজনের লাশের ময়না তদন্ত প্রতিবেদনে ওই ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করা হলে বুধবার গ্রেপ্তার হন জাহিদ।
এই ঘটনার পেছনে মিরপুর থানার ওসি সালাউদ্দিন খানেরও সংশ্লিস্টতা রয়েছে বলে অভিযোগ করে আসছে সুজনের পরিবার। তারা ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বললেও বৃহস্পতিবার পর্যন্ত তা হয়নি।
অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুজনকে সেদিন থানায় আনার আগেই আমি বের হয়ে গিয়েছিলাম। সুজনের বিষয়টি তখন কাউকে জানায়নি জাহিদ। এমনকি ডিউটি অফিসার পর্যন্ত জানতেন না। সুজনের মৃত্যুর খবর দেয়ার আগ পর্যন্ত আমাকে কিছুই বলেনি সে।”
মিরপুর থানার একজন এস আই কাউকে না জানিয়ে কী করে হাজারীবাগ থানা এলাকায় অভিযানে গেল জানতে চাইলে সালাউদ্দিন বলেন, অভিযানে যাওয়ার আগে মিরপুর জোনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছিলেন এসআই জাহিদ। হাজাররীবাগ থানা পুলিশেরও সহায়তা নিয়েছিলেন।
সুজনের মৃত্যুর পর পুলিশ বলেছিল, তাকে গ্রেপ্তারের সময় বাসা থেকে গুলি উদ্ধার করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, “এই উদ্ধারের ঘটনা সত্যি না মিথ্যা- তা তদন্তেই বেরিয়ে আসবে।”
তিনি বলেন, ওই রাতে থানায় একজন পুরুষের চিৎকার শুনেছিলেন বলে জানিয়েছেন পুলিশের এক কনস্টেবল। সুজনের স্ত্রীও হাজতে বসে চিৎকার শুনেছেন বলে দাবি করছেন। এসব বিষয়ও তদন্ত করে দেখা হবে।
