২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেহাল সড়ক দেখে প্রকৌশলীকে বরখাস্তের নির্দেশ মন্ত্রীর

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 02:59 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক পরিদর্শনে এসে বেহাল সড়ক দেখে তাৎক্ষণিকভাবে তিনি এ নির্দেশ দেন।

একইসঙ্গে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক আগামী তিন দিনের মধ্যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সড়কের বেহাল অবস্থার জন্য ভারী বর্ষণের পাশাপাশি নিজেদের ব্যর্থতাও স্বীকার করেন মন্ত্রী।

তিনি বলেন, “সড়ক বিভাগের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে সড়ক-মহাসড়কের কিছু অংশে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করা হবে।”

একই কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

সড়কটি দ্রুত মেরামতের জন্য মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।