বাগেরহাটে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
এগার বছর আগে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
বাগেরহাটের জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামি হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের নলধা গ্রামের তপন মণ্ডল, জিহাদ শেখ ও অতনু মণ্ডল।
এছাড়া নলধা গ্রামের আব্দুর রউফ শেখ, ডহর মৌভোগ গ্রামের ত্রিনাথ হীরা, নরেশ ঢালী, শিব শঙ্কর হীরা, কৃষ্ণ বালা এবং মধ্য মৌভোগ গ্রামের বাহাউদ্দিন গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামের ইমরুল শেখকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের মধ্যে জিহাদ ও আব্দুর রউফ শেখ ছাড়া সবাই পালাতক।
মামলার নথি থেকে জানা যায়, চিংড়ি ঘের ও স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জেরে ২০০৩ সালেরে ২৭ ফেব্রুয়ারি রাতে ফকিরহাট উপজেলার নলধা গ্রামের ঘের ব্যবসায়ী রুস্তুম আলী মাতুব্বরের বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষরা।
নিহতের ভাই জয়নাল মাতুব্বর পরদিন ফকিরহাট থানায় দশজনের নাম উল্লেখ করে এই হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৪ সালের ২৮ ফেব্রুয়ারি ওই দশজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন ফকিরহাট থানার তৎকালীন উপপরিদর্শক মো. আসাদ আলী।
১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করল।
