২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডফ্লেমের ‘ভেজাল প্যারাসিটামল’ মামলার রায় পেছাল

ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযোগে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে মামলার রায় দুই আসামির অনুপস্থিতির কারণে পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 12:08 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২২ জুলাই রায়ের জন্য নতুন দিন রেখেছেন ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো. আবদুর রশিদ।

এ আদালতের অন্যতম পিপি শাহীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার পাঁচ আসামির মধ্যে কোম্পানির অন্যতম মালিক আজফার পাশা, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নোমান ও নৃগেন্দ্র নাথ বালা পলাতক।

এছাড়া কোম্পানির ব্যবস্থাপক  মিজানুর রহমান ও পরিচালক ডা. হেলেন পাশা জামিনে থেকে নিয়মিতভাবে মামলায় হাজিরা দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার রায় ঘোষণার নির্ধারিত দিনে তাদের আইনজীবী আদালতকে জানান, মিজানুর পেটের পিড়ায় ভুগছেন এবং হেলেন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে আদালতে আসতে পারেননি।

শুনানি শেষে আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে রায়ের জন্য নতুন দিন ঠিক করে দেন বিচারক।  

মামলার নথির বরাত দিয়ে এ আদালতের পেশকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৩ সালে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের প্যারাসিটামল সিরাপে ডাই-ইথিলিন গ্লাইকলের উপস্থিতি ধরা পড়লে ১৯৯৩ সালের ২ জানুয়ারি মামলা করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক আবুল খায়ের চৌধুরী।

নথিতে বলা হয়, অ্যাডফ্লেমের প্যারাসিটামলে বিষাক্ত উপাদান থাকায় বহু শিশু কিডনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়।

অবশ্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৮০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কিডনি অকোজো হয়ে প্রায় ২ হাজার ৭০০ শিশুর মৃত্যু ঘটে।

রাষ্ট্রপক্ষে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন চারজন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নাদিম মোস্তফা, আসামিপক্ষে ছিলেন বশির আহমেদ।  

পিপি শাহীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিনে থাকা দুই আসামি এর আগে নিয়মিত হাজিরা দিয়ে এলেও রায়ের দিন অনুপস্থিত থাকলেন। রায় পক্ষে যাবে না বুঝতে পেরেই হয়তো তারা আসেননি।”