গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা, অবরোধ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়ন তথ্য কেন্দ্রে হামলা চালিয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার রাত ১০টার দিকে এ ঘটনার পর বিহ্মুব্ধ এলাকাবাসী প্রায় আড়াই ঘণ্টা গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান।
আহতরা হলেন- ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন (৩৫), তার ছোট ভাই জাহিদ হাসান সেলিম (৩০), গ্রাম পুলিশ আব্দুল মান্নান মিয়া (২৬) ও রঞ্জু মিয়া (৪২)।
এদের মধ্যে সেলিমের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ইউনিয়নের পীরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যানের বড় ভাই ফিরোজ কবির মাসুদ সঙ্গে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ রচি মণ্ডল টারজান দ্বন্দ্ব চলে আসছিল।
ঘটনার দিন বুধবার রাত ৯টার দিকে ধাপেরহাট বাজারে ফিরোজ কবির মাসুদের সঙ্গে টারজানের কথা কাটাকাটি হয়। পরে রাত ১০টার দিকে টারজান তার লোকজন নিয়ে ইউনিয়ন তথ্য কেন্দ্রে হামলা চালায়।
তারা তথ্য কেন্দ্রের কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন ও অসবাবপত্র ভাংচুর করে। এসময় তথ্য কেন্দ্রে থাকা ইউপি চেয়ারম্যান শিপন ও তার ছোট ভাই সেলিম, গ্রাম পুলিশ আব্দুল মান্নান মিয়া ও রঞ্জু মিয়াকে মারধর করে।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, রাত ১টার দিকে স্থানীয় জনতা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে।
