২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন কোথায়, জানা যাবে এসএমএসে

টিকিট নিয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় আর থাকতে হচ্ছে না যাত্রীদের। গন্তব্যে যাত্রার আগে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফিরতি বার্তায় কাঙ্খিত ট্রেনটি কোথায় আছে, কখন ছাড়বে, পরবর্তী স্টপেজ, বিলম্ব সময়সহ সব তথ্য পেয়ে যাচ্ছেন যাত্রীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 08:01 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিন মাস আগে বাংলাদেশ রেলওয়ে তিন মোবাইল ফোন অপারেটর- গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মাধ্যমে সেবাটি চালু করলেও প্রচারের অভাবে অনেকেই বিষয়টি জানতেন না। তবে ধীরে ধীরে এ সেবা জনপ্রিয় হচ্ছে বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ।

এই তিন অপারেটরের মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসে ‘টিআর’ লিখে স্পেস দিয়ে নির্দিষ্ট ট্রেনের নাম বা কোড লিখে ১৬৩১৮ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি এসএমএসে কাঙ্খিত ট্রেনের সব তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত যাত্রীদের সময় বাঁচাতে তিন মাস আগে সেবাটি চালুর পর জনপ্রিয়তা বেড়েছে। সব অপারেটরই এখন এই সেবা দিতে চাচ্ছে।”

এই সেবার জন্য অর্ধশতাধিক ইঞ্জিনে বিশেষ ধরনের ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছে। জিপিআরএসের মাধ্যমে ওই ডিভাইসই ট্রেনের তাৎক্ষণিক অবস্থান জানিয়ে দেবে।

আন্তঃনগর ও গুরুত্বপূর্ণ সব ট্রেনের তথ্য পেতে প্রতি এসএমএসে গ্রাহকের খরচ পড়বে ভ্যাটসহ ৪ টাকা ৬০ পয়সা।