২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের পর ধর্ষণ: চট্টগ্রামে তিন যুবকের কারাদণ্ড

এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যুবককে ৬০ বছর কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 05:38 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

অপহরণে সহায়তা করায় দুইজনকে দেয়া হয়েছে ৩০ বছর করে কারাদণ্ড।

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মো. জাকির হোসেন বুধবার এ রায় দেন।

আসামিদের মধ্যে অপহরণ ও ধর্ষণের দুই অভিযোগে তসলিম উদ্দিনকে ৩০ বছর করে ৬০ বছর কারাদণ্ডের পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা করেন বিচারক।

এছাড়া ৩০ বছর কারাদণ্ড পাওয়া শামসুল হক ও ওমর ফারুককে ৬০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয় বলে ট্রাইবুন্যালে রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএ নাসের জানান।

তসলিমকে দুই ধারায় পর‌্যায়ক্রমে ৬০ বছর সাজা খাটতে হবে বলে জানান তিনি।

আসামি তসলিম ও শামসুল পলাতক। রায় ঘোষণার সময় অপর আসামি ওমর ফারুক আদালতে উপস্থিত ছিলেন। তারা তিনজনই রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ১৫ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেরার পোমরা কাউখালী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করা হয়।

এ ঘটনায় অপহৃতের বাবা ১৫ ডিসেম্বর রাঙ্গুনিয়া থানায় এ মামলা করেন।

২০০২ সালের ১৬ মার্চ পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে পরের বছরের ১৩ এপ্রিল আদালত অভিযোগ গঠন করে।

আইনজীবী এমএ নাসের জানান, রাষ্ট্রপক্ষের সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিল।