২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওবামার বাড়িতে কি টিভি-ইন্টারনেট নেই ?’

গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের যথাযথ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ সমাবেশ এবং আলোক প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 02:09 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

‘স্লোগান’ ৭১, নামের ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক এই সংগঠনটি তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বুধবার বিকাল ৫টায় প্রতিবাদ সমাবেশ আয়োজনের কথা জানিয়েছে।    

এতে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে টিএসটিতে বিকালে ইনস্টলেশন আর্ট এবং ফিলিস্তিনিদের সমর্থনে আলোক প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‘ন্যায় যুদ্ধে বাঙালি’ স্লোগান নিয়ে ‘স্লোগান’৭১, বিগত পাঁচ বছর ধরে যুদ্ধপরাধীদের বিচার ও একাত্তরের চেতনা নিয়ে কাজ করে আসছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সংগঠনটির ফেসবুক পেজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে কটাক্ষ করে বলা হয়, “বারাক ওবামার বাসায় কি টিভি নেই? অথবা বান কি মুনের বাসায় ইন্টারনেট সংযোগ? অথবা কারণে-অকারণে দিস্তার পর দিস্তা বিবৃতি পাঠানো বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো লোকজন পেপার পড়ে না?

“কিন্তু, তারপরও সবাই চুপ। প্যালেস্টাইনের শত শত বেসামরিক মানুষ, নারী, শিশু হত্যাটা যেন কিছুই না! ইসরায়েলিরা তো এক কাঠি সরেস! তারা তো পাহাড়ের উপর বসে ফিলিস্তিনের ওপর লাইভ বোম্বিং থ্রি-ডি সিনেমার মতো উপভোগ করেছে!!! ভাবা যায়??’

বিকালের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত থাকবেন বলেও জানানো হয় এতে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফিলিস্তিনি মানুষের সংহতির কথা স্মরণ করে ‘স্লোগান’৭১, -এর ফেসবুক পেজে বলা হয়, “আমাদের এই প্রতিবাদে হয়তো যুদ্ধ থামবে না। সেই দেশটির পাশে দাঁড়ানো হবে, যারা আরব রাষ্ট্রগুলির ভ্রু-কুটিকে তুচ্ছ করে ১৯৭১ সাথে আমাদের পক্ষে অবস্থান নিয়েছিলো।”

২০০৯ সালে ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণের প্রতিবাদেও প্রতিবাদ সমাবেশ করেছিলো ‘স্লোগান’৭১।