নারায়ণগঞ্জে মা-মেয়েকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি
দুই বছর আগে নারায়ণগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যার দায়ে তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে জেলার একটি আদালত।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান বুধবার চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
মামলার তিন আসামি আব্দুল মালেক ওরফে হিরো মালিক (৩৫), ওমর ফারুক (৩৯) ও আব্দুস সালামকে (৩৯) মৃত্যুদণ্ড দেন তিনি।
এ সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন বলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান জানান।
আসামিপক্ষের আইনজীবী সুলতানুজ্জামান জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
২০১২ সালের ১৩ অগাস্ট রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় সৌদি আরব প্রবাসী আহাম্মদ আলীর বাড়িতে তার স্ত্রী মাবিয়া আক্তার (৪০) ও ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে সাদিয়া আক্তারকে (১২) গলা কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় মাবিয়ার ছোট ভাই নুরুল হুদা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
১৭ জনের সাক্ষ্যগ্রহণ করে বুধবার এ মামলার রায় দিল আদালত।
আইনজীবী ফজলুর সাংবাদিকদের বলেন, আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, মাবিয়া মারফতী গান লিখতেন। হিরু গান গাইতেন। এর মধ্য দিয়ে সংগীত প্রযোজন প্রতিষ্ঠান ‘সাউন্ড টেক’ এর কর্মী সালামের সঙ্গে তাদের পরিচয় হয়। সালাম ক্যাসেট বের করে দেয়ার কথা বলে মাবিয়ার কাছ থেকে টাকা নিয়ে সে অনুযায়ী কাজ না করায় তাদের সম্পর্কের অবনতি হয়।
আসামিরা জানায়, তাদের ধারণা ছিল মাবিয়ার বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে। সেগুলো লুটের জন্য তারা মাবিয়াকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৩ অগাস্ট সালামের নেতৃত্বে তারা মাবিয়ার বাড়িতে যায় এবং কৌশলে জুসের সঙ্গে নেশার ওষুধ খাইয়ে মাবিয়া ও তার মেয়েকে অচেতন করে মাথায় আঘাত ও ছুরি দিয়ে জবাই করে। এর দুদিন পর পুলিশ ওই বাসার তালা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।
পরে এ ঘটনায় মামলা হলে মাবিয়ার মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে খুনীদের গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
