২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যবিপ্রবিতে খুন: আসামি করায় ছাত্রলীগের থানা ঘেরাও

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিহত ছাত্রলীগ কর্মী ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলকে আসামি করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 12:21 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

যশোর কোতোয়ালি থানার ওসি সহিদুল ইসলাম বিপুলকে আসামি করা কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মামলা নম্বর ৪৫। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামিম হাসানকে প্রধান আসামিসহ ১২ জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করেন নিহত রিয়াদের মামা রফিকুল ইসলাম রাজু। রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। বিপুল মামলার পাঁচ নম্বর আসামি।”

এদিকে বিপুলসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার প্রতিবাদে রাতে থানা ঘোরাও করে যশোর জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তারা মিছিলসহ থানা ঘোরাও করে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

তাদের অভিযোগ, যবিপ্রবি’র ছাত্র রিয়াদকে যারা হত্যা করেছে তাদের পুলিশ এখনো চিহ্নিত করতে পারেনি। অথচ পুলিশ মামলা নথিভুক্ত করেছে।

থানা ঘেরাওকালে জেলা আওয়ামী লীগের নেতারা কোতোয়ালি থানার ওসি সহিদুল ইসলামের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মীর জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কাদির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, আসিফ উদ-দৌলা অলক, শ্রমিক নেতা আজিজুল আলম মিন্টু, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ।

সর্বশেষ রাত সাড়ে ১২টার দিকে নেতাকর্মীরা তাদের অবস্থান তুলে নেন।

রিয়াদ হত্যা মামলার অন্য আসামি হচ্ছেন- পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফয়সাল তানভির, শারীরিক শিক্ষা বিভাগের ছাত্র আজিজুল ইসলাম, শহরের বিমান অফিস মোড়ের সজিব, রওশন ইকবাল শাহিন, কাজিপাড়ার কাজল, শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ের জাবেদ, মিশন পাড়ার জিসান, খুলনার বাবুখান রোডের মফিজুর রহমান, ও তার ভাই মোস্তাক হোসেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে চারজনকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তারা হচ্ছেন সুব্রত, শামিম, তানভির ও আজিজুল।

সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের কোন্দলকে কেন্দ্র করে খুন হন পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ।