সাংবাদিক পেটানোর ঘটনায় ঢাবির ১০ ছাত্র বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত দশ ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
এছাড়া আরো দুজনকে কারণ দর্শাও নোটিস দেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী এ তথ্য জানান।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ফুটবল খেলা নিয়ে ওই ঘটনার পর মঙ্গলবার কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের মিজান, ইতহাস চতুর্থ বর্ষের শরীফ, দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্র আব্দুল হামিদ, ম্যানেজমেন্ট প্রথম বর্ষের বিদ্যুৎ ও ফিন্যান্স বিভাগের জাকির ও সোহাগকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া খোকন ও মোখলেছ নামের আরো দুই শিক্ষার্থীকে কারণ দর্শাও নোটিস দেয়া হয়েছে।
এদের মধ্যে ছাত্রলীগের সূর্যসেন হল শাখার কর্মী মিজান, শরীফ, বিদুৎ, হামিদ ও জাকির ওই ঘটনায় দায়ের করা মামলারও আসামি।
হামিদ, বিদ্যুৎ ও জাকিরকে ঘটনার পরপরই পুলিশের হাতে তুলে দেয়া হয়।
প্রক্টর বলেন, “বহিষ্কারাদেশ চলাকালে এরা বিশ্ববিদ্যালয়ের কোনো অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না।”
গত সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ফুটবল খেলা নিয়ে ছাত্রলীগ কর্মীরা সাত সাংবাদিককে পিটিয়ে আহত করেন।
হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনার দিনই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে সূর্যসেন হল শাখা কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং ১২ কর্মীকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ছাত্রলীগের পাঁচ কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১০-১৫ জনকে আসামি করা হয়।
