রাবিতে ২ ছাত্রের মারামারি
ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মারামারি করে দুজনই আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে ক্যাম্পাসের মাদার বখশ হলের সামনে এ ঘটনায় আহতরা হলেন সংগঠনটির বহিষ্কৃত সহ-সভাপতি আতিকুর রহমান আতিক ও বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ কৌশিক।
তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাউছার আহমেদ কৌশিক টাকা পান আতিকুর রহমান আতিকের কাছে।
বিকেল সাড়ে ৪টার দিকে কৌশিক পাওনা টাকার জন্য ফোন করে আতিককে মাদার বখশ হলের সামনে আসতে বলেন। খোনে গেলে কৌশিকের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে কৌশিক রড দিয়ে আতিকের মাথায় আঘাত করেন। তখন আতিক তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে কৌশিকের পিঠে কোপ দেন।
“খবর পেয়ে আমরা গিয়ে তাদেরকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করি,” বলেন ওসি আলমগীর।
ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি রড উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন, “তুচ্ছ ঘটনা নিয়ে দুই জনের মধ্যে মারামারি হয়েছে। আমরা বিষয়টি মীমাংসা করে দিয়েছি।”
