২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট প্রতিনিধিদের সাক্ষাৎ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 07:00 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার বিকেলে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এমএস আকবরের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

“স্থানীয় পর্যায়ে জনগণের জীবনমান উন্নয়নের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম গ্রহণ করেছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।”

রাষ্ট্রপতি এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত হাসপাতালের অবকাঠামো ও সেবার সার্বিক মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া রেড ক্রিসেন্টের তৃণমূল পর্যায়ে (ইউনিট) কাজের তদারকির উপরেও গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।