বাগেরহাটে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বাগেরহাটের চিতলমারীতে এক যুবককের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের একটি পাটক্ষেতে মাসুম শেখের (২৮) লাশ পাওয়া যায়।
মাসুম ওই গ্রামের প্রয়াত মকবুল শেখের ছেলে।
সাবেক স্ত্রীর পরিবার তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন মাসুমের ভাই নাজিম উদ্দিন শেখ।
ওসি দিলীপ কুমার সরকার বলেন, পরাণপুর গ্রামের মোস্তফা শেখ তার পাটক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেন।
নিহতের ভাই নাজিম উদ্দিন শেখ জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি মাসুম। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি।
লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে তিনি লাশ শনাক্ত করেন বলে জানান।
তার অভিযোগ, আট বছর আগে একই গ্রামের বাকু শেখের মেয়ে জুকিলা বেগমের সঙ্গে মাসুমের বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি মেয়ে রয়েছে। এক বছর আগে মাসুমকে তালাক দেয় জুকিলা। তালাকের পর মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যান জুকিলা। মেয়েকে দেখার জন্য ওই বাড়িতে যাওয়া নিয়ে জুকিলার পরিবার মাসুমকে দুইবার মারধরও করেছে।
দ্বন্দ্বের জেরে সাবেক শ্বশুর বাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।
