ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা
গাজীপুরের কোনাবাড়িতে দশ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ ওই বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল আলিম (৪৩), একই বাড়ির ভাড়াটে সুমন (৩০) ও তার বন্ধু মিলনকে (২৫) আটক করেছে বলে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান।
তিনি বলেন, “আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ধর্ষণচেষ্টার কথা জানাজানির ভয়ে মারিয়াকে হত্যার কথা স্বীকার করেছে।”
কোনাবাড়ির এসরার নগরের আক্তারুজ্জামানের মেয়ে মারিয়া ওই এলাকার শাহীন ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
উপপরিদর্শক জাকির জানান, ছয় তলা ওই ভবনের তৃতীয়তলায় বাবা-মার সঙ্গে থাকত মারিয়া। সোমবার বিকালে স্কুল ছুটির পর সে বাড়ি না ফেরায় সন্ধ্যায় জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।
“পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশির পর রাত সাড়ে ১০টার দিকে ওই ভবনের নীচতলার জেনারেটর কক্ষ থেকে প্রথমে মারিয়ার স্কুল ব্যাগ ও পরে চাদর দিয়ে ঢাকা তার লাশ উদ্ধার করে।”
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাসায় ফিরে তিন তলায় ওঠার আগে সুমন কোয়েল পাখি দেয়ার লোভ দেখিয়ে মারিয়াকে জেনারেটর কক্ষে নিয়ে যায়।
“সেখানে সে মারিয়াকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয় এবং বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ চাদর দিয়ে ঢেকে রাখে।”
মঙ্গলবার গাজীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের পর মারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দুপুরে এসরার নগর হাউজিং সোসাইটি এলাকায় তার জানাজা হয়। দাফনের জন্য মারিয়ার লাশ ফরিদপুরের লক্ষ্মীপুরে তাদের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
