ঈদে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: মন্ত্রী
ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ কেন্দ্রে চারটি অটো ট্রান্সমিশন সম্বলিত ট্রেনিং কারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
ওয়ায়দুল কাদের বলেন, শুধু বেসরকারি পরিবহন নয় বিআরটিসি’র বিরুদ্ধেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়, এ ব্যাপারে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”
“বিশেষ করে যেসব বিআরটিসি ডিপো ম্যানেজার টিকিট নিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা থাকবে।”
সোমবার থেকে বিসরকারী পরিবহন প্রতিষ্ঠানগুলো ঈদের আগাম টিকিট বিক্রি করা শুরু করেছে।
আগামী ২০ জুলাই থেকে বিআরটিসি ঈদের আগাম টিকিট বিক্রি করা শুরু করবে জানিয়ে মন্ত্রী বলেন, “এবার প্রায় ৯০০ বাস ঈদ স্পেশাল সার্ভিসে অন্তর্ভুক্ত থাকবে।”
“মতিঝিল, গাজীপুর, জোয়ার সাহারা, উথলী, নারায়ণগঞ্জ, দ্বিতল বাস ডিপো, কল্যাণপুর ডিপো টিকিট কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাবে,” বলেন ওবায়দুল কাদের।
