২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পেটানোয় ছাত্রলীগের ১২ কর্মী বহিষ্কার

সাত সাংবাদিককে পিটিয়ে আহত করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের কমিটি সাময়িকভাবে স্থগিত করে ১২ কর্মীকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 11:51 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- মিজান, মেহেদী, সোহাগ, মোখলেস, বিদ্যুৎ, জাকির, রাহাত, পারভেজ, আমির, সোহেল, শরীফ ও নোবেল।

রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বরে ফুটবল খেলা নিয়ে ছাত্রলীগ কর্মীরা সাত সাংবাদিককে পিটিয়ে আহত করেন।

আহতরা হলেন- যমুনা টেলিভিশনের প্রতিবেদক মনিরুল ইসলাম, মানবকণ্ঠের রেজা আকাশ, চ্যানেল টোয়েন্টিফোরের আরাফাত সরকার সেতু, সময় টেলিভিশনের সাবেক প্রতিবেদক মাসুদুর রহমান, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাবেক প্রতিবেদক গালিব আশরাফ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক প্রতিবেদক মাহমুদুল হাসান ও দ্য রিপোর্টের জাহিদ হাসান।

আহত রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার একটু পরপর আমরা সাংবাদিক সমিতির সদস্যরা মল চত্বরে খেলতে যাই। গতকালকের ফাইনাল ম্যাচ উপলক্ষে আজকের এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল।

“সেখানে গিয়ে দেখি সূর্যসেন হলের কয়েকজন ছাত্র আগে থেকেই খেলছিল। আমরা তাদের অনুরোধ করার পর তারা আমাদের খেলার জায়গা ছেড়ে দেয়। এর কিছুক্ষণ পর সূর্যসেন হল থেকে ২৫-৩০ জন ছাত্র রড, চাপাতি ও লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী ও সোহাগের নেতৃত্বে এই হামলা হয় বলে ঘটনার প্রত্যক্ষদর্শী সূর্যসেন হলের ইতিহাস চতুর্থ বর্ষের ছাত্র শরীফ জানান।

পুরনো খবর:

ঢাবিতে ৭ সাংবাদিককে পিটিয়ে আহত