টিআইবিকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
তিন দিনের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের পরিচিতি ও তথ্যদাতার নাম-ঠিকানা জানাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে সোমবার এই চিঠি পাঠানো হয়েছে।
নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেয়াসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কাজে কোটি-কোটি টাকার অবৈধ লেনদেন হয় বলে গত ৩০ জুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় পাস করিয়ে দেয়া থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, অডিট, ভুয়া সনদ, পাঠ্যক্রম, বিভাগ অনুমোদন ও অনুষদ অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পরিদর্শন, ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগের অনুমোদন এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনসহ বিভিন্ন কাজে ৫০০ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে গবেষণায়।
এছাড়া অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সংরক্ষিত তহবিলের ভুয়া রশিদে তিন কোটি টাকা দেয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করে টিআইবি।
টিআইবির এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বক্তব্যও দেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে টিআইবি প্রতিবেদন প্রত্যাখ্যান না করে তাদের তথ্য যাচাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, “বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত দুর্নীতি তুলে ধরায় এ বিষয়ে মন্ত্রণালয় সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে আগ্রহী। যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন।”
গবেষণা চালানো ২২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকায় অবস্থিত ৯৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা এবং গবেষণা প্রতিবেদন তৈরিতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির তথ্যদাতার নাম, পদবি ও তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এসব তথ্য আগামী ১৭ জুলাইয়ের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
