বাগেরহাটে জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত
বর্ষায় পূর্ণিমার জোয়ারের পানিতে বাগেরহাট পৌরসভাসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
গত তিন দিনের মতো সোমবার দুপুরেও বাগেরহাট পৌরসভার হাড়িখালী, সদরের রহিমাবাদ, বেমরতা, খাড়াসম্বল, বিষ্ণুপুর, মোরেলগঞ্জ পৌরসভার বারুইখালী, উত্তর সরালিয়া, ভাইজোড়া ও কাঁঠালতলার অনেক গ্রাম প্লাবিত হয়েছে। মংলা পৌরসভায়ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বর্ষায় অমাবশ্যা ও পূর্ণিমা তিথিতে ভৈরব, পানগুচি ও পশুর নদীর তীরবর্তী এসব এলাকায় প্লাবন দেখা দেয়।
এরমধ্যে রয়েছে ভৈরব নদীসংলগ্ন বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা, পানগুছি নদীর তীরে মোরেলগঞ্জ পৌরসভা এবং পশুর নদী সংলগ্ন মংলা পৌরসভা।
এসব এলাকার বাসিন্দারা তাদেরকে বাঁধের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।
সরজমিনে ঘুরে দেখা গেছে, বাগেরহাট পৌরসভার ভৈরব নদীর তীরে হাড়িখালী এলাকায় বসবাস করা অন্তত ৩৫টি বাড়িতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এসব বাড়ির উঠানসহ বসত ঘরে পানি থৈথৈ করছে। ঘরের ভেতরে খাটের উপর পরিবার পরিজন নিয়ে বসে থাকেতে হচ্ছে। রান্না করতেও কষ্ট হচ্ছে।
মোরেলগঞ্জ পৌর মেয়র মনিরুল হক তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌরসভার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জোয়ারের পানি থেকে পৌরবাসীকে রক্ষা করতে বিভিন্ন সময়ে বেড়িবাঁধ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বাগেরহাট সদরের হাড়িখালী এলাকার সুভাস পাল বলেন, ভৈরব নদের তীরের অন্তত ৩৫টি বাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। বসত ঘরেও পানি থৈথৈ করছে। উঠানে ও বসত ঘরে পানি উঠে যাওয়ায় রান্নাবান্না ও খাওয়াদাওয়ায় দুর্ভোগ বেড়েছে।
এসব পরিবারকে জোয়ারের পানি থেকে রক্ষা করতে বাঁধের আওতায় আনার দাবি জানান তিনি।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন নদীতে পানির চাপ বাড়ছে। ভৈরব, পানগুছি ও বলেশ্বর নদে চার পাঁচ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, অস্বাভাবিক জোয়ারের পানিতে বাগেরহাট সদর, মংলা পৌরসভা ও মোরেলগঞ্জ পৌরসভাসহ নিচু এলাকার বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। মানুষের ঘরবাড়িতে পানি উঠেছে। তবে ভাটা হলে আবার পানি নেমে যাবে।
