২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে রাবি ছাত্রী নিহত

ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 04:21 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে রেললাইনে এ দুর্ঘটনায় পড়েন ফলিত গণিত বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ইসরাত আরেফিন আলম। বেলা সোয়া ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   

তিনি রাজশাহী শহরের হেতেম খাঁ এলাকায় থাকতেন, দেশের বাড়ি নাটোর জেলায়।

বন্ধুর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন সহপাঠীরা।

পুলিশ কর্মকর্তা আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ইসরাত মোবাইলে কথা বলতে বলতে চারুকলা সংলগ্ন রেললাইনের উপর দিয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা ট্রেন এলেও তিনি রেললাইন থেকে সরে যাননি। এতে ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়া হয় এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

“নিহতের সহপাঠীদের কাছ থেকে জানা গেছে- এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটির। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিন থেকে টানাপোড়ন চলছিল। ওই ঘটনা থেকে আত্বহত্যা করে থাকতে পারেন তিনি।”

ফলিত গণিত বিভাগের সভাপতি হোসেন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে আমাদের শিক্ষকরা হাসপাতালে গেছেন। এ ধরনের আত্মহত্যা সত্যি মেনে নেয়া কঠিন। মেয়েটি ক্লাসে যথেষ্ট মনোযোগী ছিল। আমরা তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।”

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।