২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের আগাম টিকিট বিক্রি শুরু

ঈদ উপলক্ষে রাজধানী থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 01:59 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

সোমবার ভোর থেকেই যাত্রীরা টিকিটের জন্য রাজধানীর গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনাল ছাড়াও বিভিন্ন স্থানে বাস কাউন্টারগুলোয় ভিড় করেন। লাইনে দাঁড়িয়ে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করতে দেখা গেছে যাত্রীদের।

ঈদের আগের দিন পর্যন্ত অগ্রিম টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন বাস কাউন্টারের কর্মীরা।

রাজধানীর কলেজ গেট এলাকায় হানিফ এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ের কর্মী মো. জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পর্যাপ্ত টিকিট রয়েছে, সবাই টিকিট পাবেন।”

শ্যামলী পরিবহনের কল্যাণপুর কার্যালয়ের বিক্রয়কর্মী মো. নাদিমও জানালেন একই কথা।

Image
পেয়েছি!!! ঈদে বাড়ি ফেরার টিকেট হাতে সৌভাগ্যবান একজন। গাবতলী বাস টার্মিনালে সোমবারই শুরু হয়েছে ঈদের আগাম টিকেট বিক্রি। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পেয়েছি!!! ঈদে বাড়ি ফেরার টিকেট হাতে সৌভাগ্যবান একজন। গাবতলী বাস টার্মিনালে সোমবারই শুরু হয়েছে ঈদের আগাম টিকেট বিক্রি। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
সামনে মানুষ… পেছনে মানুষ.. তবু যদি টিকেট মেলে। ঈদে বাসের আগাম টিকেট কিনতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে লাইনে দাঁড়িয়ে ক্লান্ত কয়েকজন। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সামনে মানুষ… পেছনে মানুষ.. তবু যদি টিকেট মেলে। ঈদে বাসের আগাম টিকেট কিনতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে লাইনে দাঁড়িয়ে ক্লান্ত কয়েকজন। ছবি: আসাদুজ্জামান প্রামাণিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাবতলী থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফটো সাংবাদিক আসাদুজ্জামান প্রামাণিক জানিয়েছেন, এ টার্মিনালের বাস কাউন্টারগুলোর সামনে অনেক যাত্রী রাতেই লাইনে দাঁড়ান।

লম্বা লাইনের কারণে দুপুরের দিকে অনেককেই টিকিট না নিয়ে ফিরতে দেখা গেছে বলে জানান তিনি।

এর আগে রাজধানীর সব টার্মিনাল ও বাস কাউন্টার থেকে ১৪ জুলাই থেকে একযোগে টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নেয় পরিবহন মালিকরা। প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব টিকিট বিক্রি হবে।  

এদিকে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি ২০ জুলাই থেকে শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে আগাম টিকিট কেনা যাবে।

এর মধ্যে ২০ জুলাই পাওয়া যাবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ তারিখে ২৮ জুলাইয়ের টিকিট দেয়া হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এছাড়া ২৭ জুলাই থেকে ফিরতি টিকিট বিক্রি হবে।