২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে ফাঁকি দিয়ে পালালো ‘ডাকাত’

চট্টগ্রাম নগরীর হালিশহর জি-ব্লক এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চার ‘ডাকাত’কে গ্রেপ্তার করে আদালতে হাজির করার পর আদালত ভবন থেকে একজন পালিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 12:27 AM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রোববার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম মহানগর আদালত ভবনে এ ঘটনা ঘটে বলে হালিশহর থানার ওসি শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। 

তিনি জানান,  নগরীর জি-ব্লক খাল পাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে শনিবার গভীর রাতে  মো.খসরু (২১), আব্দুল আলম ওরফে নয়ন (২০), মো. মোস্তফা হোসেন ওরফে রানা (২৫) ও মো. নজরুল ইসলাম (৩০) চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা খাল পাড় এলাকায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দাবি করেন ওসি শাহজাহান।

তিনি বলেন, “রোববার বিকালে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হয়। আদালত ভবনের দোতলা থেকে একতলার হাজতে নেয়ার সময় মোস্তফা হোসেন রানা হ্যান্ডকাফ খুলে সেখানে থাকা সাধারণ মানুষের সঙ্গে মিশে পালিয়ে যায়।”

এসময় আসামিদের নজরদারির দায়িত্বে ছিলেন এসআই রাজ্জাক।

এঘটনায় তার কোনো গাফিলতি আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ বলেও জানিয়েছেন ওসি শাহজাহান।